নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ডালেশ্বহর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ বাবাকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন তার ছেলে। তবে অভিযুক্ত ছেলে দাবি করেছেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে।সোমবার রাতে বৃদ্ধ হান্নান সরদার-এর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উভয় পক্ষই শ্রীপুর মডেল থানা-এ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।
বাবার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছেলে আশরাফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, ছেলে আশরাফুল থানায় দেওয়া অভিযোগে দাবি করেন, পারিবারিক সম্পত্তি ও পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি এসব কিছুই করেনি।
তার অভিযোগে আরও বলা হয়, প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়, তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে এবং বসতঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করে। এসময় তার স্ত্রী ও মেয়েও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে।
এ ঘটনায় রোজিনা নামে এক নারীও পৃথক অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে তাকে পথরোধ করে মারধর করা হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ ও মাদক সংক্রান্ত অভিযোগ মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।