মোঃ আব্দুল বাতেন বাচ্চু,প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মৃত্যু হয়েছে। নিহত মিসেস শাহেদা আহমেদ(৫০) ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বেড়াতে আসেন তিনি। বুধবার (২৫ মার্চ) রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।
চিকিৎসকদের বরাতে জানা যায়, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা এবং লিকেজজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।