শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালের দিকে শ্রীপুরের স্মৃতিসৌধ ‘৭১’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে বেলা সাড়ে দশটার দিকে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।
এদিকে, গাজীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ, পিয়ার আলী ডিগ্রি কলেজ, বরমী ডিগ্রি কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।