নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজিত গ্রামবাসীরা ১১টি মোটরসাইকেলে আগুন দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চরআলগী মৌজায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কলেজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের চরটি চরআলগী মৌজার বাসিন্দাদের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ বালু উত্তোলন চলছিল। এ নিয়ে পূর্বেও একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে স্থায়ী সমাধান হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের অনুসারীরা সাত্তার, বাবুল ও সাদেক নামে কয়েকজনের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এতে জমির মালিকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে মুক্তার হোসেনের শতাধিক অনুসারী ঘটনাস্থলে যাচ্ছিলেন। পথে স্থানীয় নৌকার মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিককে মারধর করা হয় এবং তার নৌকায় আগুন দেওয়া হয়। পরে মাঝি নদী সাঁতরে গিয়ে বিষয়টি জানান, এরপর গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে।
একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়ায় প্রতিপক্ষের লোক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সরকারি কলেজের সামনে সড়কে রাখা ১১টি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা। ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, চরআলগী এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। চরের লোকজন ও বিপরীতপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারা জড়িত তা তদন্ত শেষে জানা যাবে। অভিযোগ পেলে বিস্তারিত জানানো হবে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।