মো: আব্দুল বাতেন বাচ্চু,
প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াৎখারচালা গ্রামে এক মাদকাসক্ত ছেলের হাতে নিজ ঘরে চারদিন তালাবদ্ধ থেকে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ বাবা। ঘাতক ছেলের রডের আঘাতে ওই বৃদ্ধের একটি হাত ভেঙে গেছে। শুধু তাই নয়, বাধা দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন মা-ও। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়াৎখারচালা গ্রামের মাদকাসক্ত যুবক রাসেল গত চারদিন ধরে তার বাবাকে নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে। এই চারদিন সে তার বাবার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। শরীরের বিভিন্ন স্থানে জখম করার পাশাপাশি লোহার রড দিয়ে পিটিয়ে বাবার একটি হাত ভেঙে দেয় সে। তৃষ্ণার্ত বৃদ্ধ বাবা পানি চাইলে তাকে নামমাত্র পানি দিয়ে কষ্ট দেওয়া হতো।
রাসেলের মা বাড়িতে ছিলেন না। আজ তিনি বাড়িতে ফিরলে তাকেও মারধর করে ঘরে আটকে রাখার চেষ্টা করে রাসেল। একপর্যায়ে তিনি কৌশলে ঘর থেকে পালিয়ে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে বিষয়টি জানান। ঘটনা শুনে এলাকার মুরুব্বী কয়েকজন যুবককে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাসেলের বাবাকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া বাবা-মা কান্নায় ভেঙে পড়ে জানান, রাসেল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। উদ্ধারের পর রাসেলের দেহ তল্লাশি করে তার পকেটে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাসেলকে শ্রীপুর থানা পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে রাসেলের বাবাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।