মমিনুল হক রুবেল: স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়হিত প্রবাসী আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গ্রামের প্রায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ছোলা, মটর, খেজুর, মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
সংগঠনের সদস্যরা জানান, গ্রামের প্রবাসীদের সহযোগিতায় প্রতিবছরের মতো এ বছরও প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সংগঠনের সদস্যরা গ্রামের অসহায় মানুষদের সহযোগিতাসহ জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করেছেন।
স্থানীয় লোকজন বলেন, বড়হিত এলাকার প্রবাসীদের আর্থিক সহায়তায় প্রতিবছরই রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা প্রবাসী ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে।