স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পরও উদ্ধার হয়নি। ঘটনাস্থলে নিঁখোজ নারীর পরিচয় দাবি করে দ্রুত উদ্ধারের আহবান জানিয়েছেন ভিকটিমের চাচাতো বোন। আজ সোমবার (২৫ জুলাই) বেলা ১২ টায় সরেজমিন গিয়ে এই তথ্য জানা যায়। গতকাল রাত ৯ টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হয় ওই নারী।
ঘটনাস্থলে নিখোঁজ নারীর চাচাতো বোন শুকতারা ইসলাম ঐশি দাবি করেন, নিখোঁজ নারীর নাম ফারিয়া তাসনিম জোতি (৩২)। চুয়াডাঙ্গা সদর থানার বাগান পাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে সে। জোতি মিরপুরে বসবাস করতেন ও নিকুঞ্জ এলাকার মনিট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেল্স ম্যাজেজার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে সিটিকরপোরেশনের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিঁখোজ হয় সে।
রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী ম্যানহোলে পড়ে যায়। তারপর আমাদের পরিবারের লোকজন তার মোবাইল নম্বরে যোগাযোগ করলেও তাকে পাওয়া যাচ্ছে না। তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর খোজাখুজি করে আজ হোসেন মার্কেট এসে জানতে পারি একজন নারী ম্যানহোলে পড়ে গেছে।
তিনি দাবী করেন, নিখোঁজ নারী তার বোন জোতি। ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও তার বোন এখনো উদ্ধার হয়নি। তিনি অবিলম্বে তার বোনকে উদ্ধারের দাবি জানান।
পথচারি মো. আলম শেখ বলেন, ‘আমার ছোটভাই রনি উত্তরা থেকে আসতে ছিলে। রাস্তায় ছিনতাকারীর ভয়ে রনিকে আগাইয়া আনার জন্য হোসেন মার্কেট এলকায় অবস্থান করছিলাম।
এমন সময় ছোট ভাই রনি ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এস বাস থেকে নামে। এমন সময় আমরা দেখলাম একজন নারী ম্যানহলে পড়ে গেছে। সাথে সাথে আমি ও আমার ছোট ভাই রনি ওই নারীকে বাঁচানোর জন্য ম্যানহলে নেমে যাই। তবে সাথে সাথে পানিতে তলিয়ে যায় সে। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও খোঁজাখুজি করেছে।’
সরেজমিন জানা যায়, নিখোঁজকে উদ্ধারে ফায়ার সার্ভিস ১৫ ঘণ্টা ধরে চেষ্টা করছে। ড্রেনের পানিতে তীব্র স্রোত থাকায় ভিকটিমের লোকেশন সনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থল এলাকায় ড্রেনের অনেক ঢাকনাই এখনো খোলা দেখা যায়। খোলা ঢাকনায় তীব্র স্রোত লক্ষ্য করা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম কালের কণ্ঠকে বলেন, ‘টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান আজ বেলা ১২ টায় কালের কণ্ঠকে বলেন, নিখোঁজ নারী এখনো উদ্ধার হয়নি। অভিযান বেগবান করা হয়েছে।’