ভালুকায় প্রধান শিক্ষককে মারধর ও চাঁদাবাজির অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আব্দুল মতিনকে মারধর ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কালতামারী গ্রামের বাসিন্দা এবং পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আব্দুল মতিন (৫৯) অভিযোগ করেন, একই এলাকার একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কমিটি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং তাকে বিদ্যালয় থেকে অপসারণের জন্য নানা চক্রান্ত চালিয়ে আসছেন।
অভিযুক্তরা হলেন, একই এলাকার আলাউদ্দিন আকন্দের ছেলে মোঃ সাদেকুর রহমান শাহিন (৪৫) ও মোঃ সাইফুর রহমান সেলিম (৪০), মৃত আতব আলী মন্ডলের ছেলে মোঃ সাইদুল ইসলাম মন্ডল (৫৫), শহিদুল ইসলামের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৮), মৃত ইসরাইলের মোঃ শুকুর আলী (৫৫), মৃত শাহেদ আলী শেখের ছেলে মোঃ মজিবুর রহমান (৫০), মৃত সোলমান শেখের ছেলে মোঃ আঃ রশিদ (৪৮), মৃত কোরবান আলীর ছেলে মোঃ মেহের আলী (৫০) এবং উথুরা ইউনিয়নের মরচী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোঃ ফয়জল হক (৬৫)
তিনি আরও অভিযোগ করেন, গত ২১ জুলাই (সোমবার) দুপুর ২টার দিকে বিদ্যালয়ের নিকটস্থ আনিছ নামের এক ব্যক্তির চায়ের দোকানে অবস্থানকালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার শরীরে কিল, ঘুষি ও টানাহেঁচড়া করে গুরুতর জখম করে বলে অভিযোগ করেন শিক্ষক মতিন। এর আগেও অভিযুক্তরা মারপিটের চেষ্টা করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও জানান তিনি।
এসময় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে জানায়, দাবি অনুযায়ী টাকা না দিলে পরবর্তীতে সুযোগ পেলে তাকে খুন করবে।
এ ঘটনায় তিনি নিজে ও পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।