মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ তৌহিদ আহমেদকে প্রত্যাহারের এবং তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ লেনে দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে সড়কের ওই লেনে যানবাহন আটকা পড়ে ৫ কিলোমিটার এলাকা ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌণে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সোয়া ১টায় সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। বিক্ষোভকারীরা বলেন, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার (১১ জুলাই) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহারসহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বাঘের বাজার অটোস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে তারা সড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়। মানববন্ধনে বিক্ষোভকারীরা তার (ওসির) প্রত্যাহার চেয়েছে কিনা এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।