ভালুকায় চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশি, গাঁজাসহ আটক-২
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি আড়াই কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস (প্রা:) লিমিটেড কারখানার সামনে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে স্কয়ার মাস্টার বাড়ি সংলগ্ন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময়, রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৫৭৯) থেকে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি গাঁজা জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়, পরে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানারের পাড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুস সুবাহান (৪১) ও ময়মনসিংহ সদর উপজেলার শ্যামরামপুর গ্রানের গহরের ছেলে আনু (৩৪)।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”