গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার
মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে শরিফা খাতুন নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ওমর ফারুকের ভাড়া বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত শরিফা খাতুন (২৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের শহিদ মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুরের ওই গ্রামে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই গ্রামের সফিকুল ইসলাম নামের একজনের সাথে ৫বছর আগে বিয়ে হয় শরিফার। এরপর থেকে শ্রীপুরের ওই ভাড়া বাসায় বসবাস করতেন স্বামী-স্ত্রী। গত কিছুদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্য কলহ চলছিল। বুধবার কারখানা থেকে কাজ শেষ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শরিফা। ভোরের দিকে তাঁর স্বামীর কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে আশপাশের লোকজন ওই কক্ষে আসেন। এসময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় শরিফাকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’