মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারে চুরির করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয়েছেন ৩ যুবক। এসময় একটি পিকাপও সাথে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিয়ে ২ যুবককে সোপর্দ করলেও পিকাপসহ ১জনকে অদৃশ্য কারনে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার কাওরাইদ বাজার ওই ৩জনকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। এরপর, দুপুরের দিকে ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশে সোপর্দ করা ২জন হলেন, গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম মোল্লা পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. ওলিউল্লাহ আলামিন (৩০) ও শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে মো. মোস্তাক(২৬)। তবে, ছেড়ে দেওয়া যুবকের নামপরিচয় গোপন রাখা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, কাওরাইদ বাজারে রাতে নিরাপত্তা প্রহরীরা পাহারায় থাকেন। এ অবস্থায় সোমবার ভোর রাত ৩টার দিকে পাহারাদাররা বাজারের একটি অংশে সন্দেহজনক পিকআপ দেখতে পান। তারা লুকিয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝতে পারেন পিকআপ দাড় করিয়ে রেখে ৫জনের একটি দল বাজারের ভেতর একটি দোকানে চুরির চেষ্টা করে। এরপর তারা ওই পাচ জনকে ধাওয়া দেয়। সবাই পালিয়ে গেলেও ৩জনকে তারা আটক করতে সক্ষম হন। পরে তারা চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করেন। সকাল পর্যন্ত তাদের জিম্মায় থাকলেও দুপুরের দিকে পুলিশে খবর দিয়ে আটককৃত ২জনকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ বলেন, ভোর রাতে বাজারের পাহারাদাররা তাদেরকে আটক করেন। তারা চুরির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। পরে তাদের বাজারের একটি ঘরে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, রাতে ৩জনকে আটক করার পর সিনিয়র একজন নেতার অনুরোধে পিকাপসহ একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। চারদিকে চুরি বাড়লেও এভাবে শাস্তি ছাড়া চোর ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা যায়।
কাওরাইদ বাজারের নাইটগার্ড কমান্ডার সুরুজ মিয়া বলেন,’ বাজারে চুরির প্রস্তুতি কালে তাদেরকে হাতেনাতে আটক করা আমাদের পাহারাদাররা। পরে স্থানীয় নেতৃবৃন্দ এসে একজনকে ছেড়ে দেন। বাকিদের থানা হেফাজতে দেওয়া হয়েছে।’
কাওরাইদ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোমেন খান বলেন, ৩জনকে আটক করেছিল। একজন ড্রাইভার। তাকে ভাড়া করে নিয়ে এসেছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এতো রাতে ভাড়া কেনো যাবে এমন প্রশ্নের উত্তর জানাতে পারেননি তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। ৩জন আটকের বিষয় তিনি কিছুই জানেন না বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’