মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে, রাতে ওই নারীকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ফুটওভার ব্রিজ থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
পঞ্চাশোর্ধ ওই নারীর পড়নে ছিল কালো রঙের বোরকা। এ প্রতিবেদন লেখা দুপুর ১২টা পর্যন্ত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাতে কয়েকজন যুবক ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। পরে তাঁকে মহিলা ওয়ার্ডে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হয়। সকালের দিকে তিনি মারা যান। তিনি শারীরিক ভাবে অনেক দুর্বল ছিলেন। আমরা পুলিশকে অবগত করেছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,’খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রাতে জৈনা এলাকায় অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনে কয়েকজন যুবক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। দেখে প্রাথমিকভাবে মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে। নিহত ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’