কালিগন্জ(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় তৌহিদুল ইসলাম রিমন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত রিমন কালীগঞ্জের সাবেক এমপি মোখলেছুর রহমান জিতুর ছেলে হাবিবুর রহমান ফয়সাল হত্যা মামলার আাসামি ছিলেন।
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদগাতী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত তৌহিদুল ইসলাম রিমন ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসলে উদ্দিন মাষ্টারের ছেলে।
রিমনের নামে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
অভিযুক্তরা হলেন- একই এলাকার আব্দুল রহমানের ছেলে আব্দুল ছাত্তার (৩৫) ও আল আমিনসহ অজ্ঞত আরো ১০-১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রিমন রিকশা দিয়ে বাড়ি ফেরার পথে ভাদগাতি মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে চার দিক দিয়ে ঘিরে ফেলে অভিযুক্তরা। সে সময় তারা রিমনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে অটোতে করে পার্শ্ববর্তী কুমারটেক তালতলা এলাকায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রাখে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জের সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩২) বুকে গুলি করে হত্যা করে তৌহিদুল ইসলাম রিমন। ওই ঘটনায় নিহতদের বোন মাসুমা সুলতান মুক্তা বাদী হয়ে রিমনকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার ৫ নম্বর আসামি আব্দুল সাত্তার।
ওই ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরেই রিমনকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, জনতা গণধোলাই দিয়ে রিমনকে মেরে ফেলেছে। নিহতের নামে হত্যাসহ ৬টি মামলা রয়েছে।