মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রু তার জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ নামে এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
নিহত আব্দুল্লাহ উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বাঁশ বাড়ি গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। তিনি স্থানীয় ইউনিট নামক পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আব্দুল্লাহ স্থানীয় একটি স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান দেখতে যান। সেখানে শহিদুল ও তার লোকদের সঙ্গে আব্দুল্লার কথা কাটাকাটি হয়। এ সময় মাঠের লোকজন তাদের থামায়। এর কিছুক্ষণ পর আব্দুল্লাহ বাড়ি ফিরছিলেন। পথে শহিদুল ও এহসানুল তাদের ৮/১০ জন সহযোগী নিয়ে আবদুল্লাহকে রাস্তা থেকে তুলে নেয়। পরে বাঁশবাড়ি বাজারের পাশে নিয়ে মারধরের এক পর্যায়ে পিঠে একাধিক ছুরিকাঘাত করে। গুরুত্বর আহত আব্দুল্লাহ কে উদ্ধার করে প্রথমে তাকে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে রাত সোয়া ৮টার দিকে স্বজনরা আবদুল্লাহকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা সাইফুল ইসলাম বলেন, শহিদুলের সঙ্গে আমার ভাগিনা ও ভগ্নীপতির জমি নিয়ে বিরোধ আছে। পূর্ব বিরোধের কারণে আবদুল্লাহকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হোসাইন জানান, আবদুল্লাহকে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মামলা হয়েছে পাশাপাশি অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ।