শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন, এবার আওয়ামী লীগের মার্কা (প্রতীক) ট্রাক। ফেসবুকে তার এমন বক্তব্য ভাইরাল হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু নৌকার মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী গাজীপুর-৩ আসনের সংসদ-সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের ট্রাক প্রতীকে ভোট চাইতে গিয়ে এ কথা বলেন। বৃহস্পতিবার শ্রীপুর পৌর শহরের সবুজবাগ এলাকায় গিয়ে তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের দায়িত্বশীল পদে থেকে নেতাকর্মীদের দ্বিধাবিভক্ত করার মতো এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন বক্তব্যে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ হয়েছে বলেও তিনি দাবি করেন।
হুমায়ুন কবির বলেন, আমি বলেছি আওয়ামী লীগের অনুমোদিত প্রতীক ট্রাক। এডিট করে তার বক্তব্য প্রচার করা হয়েছে।