মো: আব্দুল বাতেন বাচ্চু :
প্রচারণা শুরুর এক দিনের মধ্যে টঙ্গীতে দুটি বিচ্ছিন্ন ঘটনার কারণে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এতে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর মাছিমপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে হামলার ঘটনায় তিনজন আহত হয়। টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরবের নেতৃত্বে এই হামলার অভিযোগ উঠে।
এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে হামলার দায় অস্বীকার করেছেন নীরব।
এদিকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর এরশাদ নগরে ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের প্রচারণায় হামলার অভিযোগ উঠে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে সাইফুল ইসলাম রিটার্নিং অফিসার ও নির্বাচন অনিয়ম অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রচারণা শুরুর সময়েই টঙ্গীতে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।