মো: আব্দুল বাতেন বাচ্চু :
বাংলাদেশের তৈরি পোশাক খাতের অব্যাহত প্রবৃদ্ধি ও স্থায়িত্বের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র তৈরি পোশাক শিল্প ও এর বাইরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারকে এগিয়ে নিতে বাংলাদেশের বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনদের সঙ্গে কাজ আরও গভীর করতে আগ্রহী। এই খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
তুলা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এমন মন্তব্য করেন।
রাষ্ট্রদূত পিটার হাস বলেন, তৈরি পোশাক খাতের জন্য সাম্প্রতিক ন্যূনতম মজুরি পর্যালোচনা একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণ ভিত্তিক জাতীয় মজুরি নীতির সুস্পষ্ট প্রয়োজনীয়তা প্রদর্শন করেছে, যা গার্মেন্টস শ্রমিকদের মুখোমুখি গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে। দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিচালনায় ইতিবাচক পরিবেশের জন্য শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন জরুরি। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অব্যাহত প্রবৃদ্ধি ও স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র মিশনকে শ্রম অধিকারের দিকে মনোনিবেশ করায়।
এমন সময় গত ১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শ্রম ইস্যুতে বিশ্বব্যাপি যে নতুন নীতির ঘোষণা করেন তা উল্লেখ করে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, এই নতুন বৈশ্বিক শ্রম নীতি সকল মার্কিন সরকারি সংস্থাগুলোকে সরকার, শ্রম সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে সংগঠন এবং সম্মিলিত দরকষাকষির স্বাধীনতার অধিকার প্রচার ও সুরক্ষার জন্য সম্পৃক্ততা জোরদার করার আহবান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্দান্ত অংশীদার এবং মার্কিন তুলার দুর্দান্ত গ্রাহক হওয়ার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এই ইভেন্টটি সকলের জন্য উপকারি হবে এবং আপনাদের ব্যবসায় মার্কিন তুলা অন্তর্ভুক্ত করার সুবিধাগুলো সম্পর্কে সকলকে আরো বেশি শেখাবে।