ভালুকায় প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই, ছিনতাইকারী আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী দিলারা বেগম ভালুকা পৌর শহরের পূবালী ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ তুলে বাড়ি ফিরছিলেন। ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ফল কিনে রিকশায় উঠার সময় আল আমিন (২০) নামের এক যুবক তাঁর ব্যাগ থেকে এক লাখ টাকার একটি বান্ডিল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এসময় দিলারা বেগমের চিৎকারে আশপাশের পথচারী ও বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে আল আমিনকে ধরে ফেলে। পরে তাকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত আল আমিন উপজেলার মাস্টারবাড়ি এলাকায় বসবাস করে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ছিনতাইকৃত এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং আল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।