নিজস্ব প্রতিবেদক।
ঈদুল ফিতর উপলক্ষে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ মার্চ) রাতে রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে র্যাবের অনুসন্ধানে চক্রের মূলহোতাসহ ৮ জনকে রাজধানীর কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উত্তরায় র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।