মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সহ রফিকুল ইসলাম(৫২) নামে এক জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর সিংহশ্রী আঞ্চলিক সড়কের বরামা খলিফাবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের শরাফত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাখাওয়াত হোসেন। তিনি বলেন,বরামা এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের মাধ্যমে পুলিশের একটি দল ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিদেশী একটি পিস্তল এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। অধিকতর তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে শনিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।