মো: আব্দুল বাতেন বাচ্চু :
গাজীপুরের শ্রীপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় মো. কামরুজ্জামান (২৬) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোসিংগা-কাপাসিয়া আঞ্চলিক সড়কের গোসিংগা ইউনিয়নের নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন।
এ দুর্ঘটনার পর ট্রাক চালক আল মামুন পালিয়ে গেলেও চালকের সহকারী মাসুম নামের এক যুবককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। আটক মাসুম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের মৃধাবাড়ি এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তানসেন চৌধুরী দেশ টিভি বাংলা কে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামান নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি জব্দ করেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, দুপরে ওই ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
কোম্পানির জোনাল ম্যানেজার মো. বেলাল হোসেন বলেন, নিহত কামরুজ্জামান গত তিন বছর ধরে কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে চাকরি করেন। শুক্রবার সপ্তাহিক ছুটি থাকায় মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।